Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৪ মার্চ ২০২৬ | ০২:১২ অপরাহ্ন

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, সচেতনতার আহ্বান

ছোটন সরদার ১৪ মার্চ ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এডিস মশা সাধারণত ছাদে, ফুলের টবে কিংবা বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নেয়। তাই এসব স্থানে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গ্রাম কিংবা শহর—সব জায়গাতেই এখন মশাবাহিত রোগ মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি ছোট প্রাণীর কামড়ে প্রতিবছর বহু মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক ক্ষেত্রে প্রাণহানিও ঘটছে।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হতে না দেওয়ার লক্ষ্যেই এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এই কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা করছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।

এর আগে গত বুধবার (১১ মার্চ) এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে দেশজুড়ে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। তাঁর আহ্বানের পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ থেকে প্রতি শনিবার দেশব্যাপী নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার গাংগপাড়া খালে আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হয়।


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।