
রাজশাহী মহানগরীতে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এক বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নিগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে বিচার দাবি জানিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল দোসর মণ্ডলের অনুরাগ কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন নগরের খরবোনা এলাকার বাসিন্দা মো. মোস্তাকিন ইসলাম।
সংবাদ সম্মেলনে মোস্তাকিন ইসলাম অভিযোগ করেন, গত ৫ এপ্রিল রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, বোয়ালিয়া পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী এবং তাঁদের সহযোগীরা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় তাঁর গর্ভবতী স্ত্রীকে শ্লীলতাহানি ও মারধর করা হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বাড়িতে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কবুতর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।