নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, জেরে দেয়া আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

BNP leader hacked to death in Natore
রাজশাহী ব্যুরো :- ২২ জানুয়ারি ২০২৬ ০৪:০৫ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী ব্যুরো :- ২২ জানুয়ারি ২০২৬ ০৪:০৫ অপরাহ্ন
নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে  হত্যা,  জেরে দেয়া আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে বিএনপি নেতা ও কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরবর্তীতে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় এক বৃদ্ধা নারী প্রাণ হারিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি)দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া মহল্লায় নিজ বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রেজাউল করিম কুমারপাড়া এলাকার ছাবেদ আলীর ছেলে। তিনি উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রেজাউল করিম ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও খাবার শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ কিংবা জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। পারিবারিক ও রাজনৈতিক বিরোধসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই হত্যাকাণ্ডে ক্ষিপ্ত হয়ে রেজাউল করিমের সমর্থকরা প্রতিবেশী ওহাব আলী নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুনের ঘটনায় ঘরের ভেতরে থাকা ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।