রাবির চারুকলার সামনে কুকুরকে লাথি মারাকে কেন্দ্র করে বহিরাগত ও শিক্ষার্থীদের হাতাহাতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের সামনে একটি কুকুরকে লাথি মারাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে চারুকলা অনুষদের পাশে রফিকের ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে বহিরাগত মনিরুল ইসলামসহ ৮–১০ জন বন্ধু রফিকের ক্যান্টিনের সামনে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় একটি কুকুরকে তাড়াতে দুই লিটারের একটি পানিভর্তি বোতল নিক্ষেপ করা হলে তা পাশেই বসে থাকা চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেদী হাসান পুলক (মাস্টার্স) ও তাঁর বন্ধুদের কাছে গিয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুলক আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
কিছুক্ষণ পর কুকুরটি আবার সেখানে গেলে মনিরুল ইসলাম কুকুরটিকে লাথি মারেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে পুলক প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ক্যান্টিনের কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুস সালাম, চারুকলা বিভাগের শিক্ষক জিল্লুর রহমান ও হুমায়ূন কবির উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ সময় বহিরাগত মনিরুল ইসলামকে আটক করা হয় এবং তাঁর সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে রাত আনুমানিক ১২টার দিকে তাঁকে ছেড়ে দেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যান্টিনের ভাঙা চেয়ারের ক্ষতিপূরণ পরিশোধের পর মোটরসাইকেলটির প্রকৃত মালিককে ডেকে সেটি বুঝিয়ে দেওয়া হবে।
এ ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা গেছে বলে জানা গেছে।