বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও প্রতিবাদ সভা
বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৬ উপলক্ষে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে রাজশাহীতে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন। পরে জিরো পয়েন্ট থেকে একটি র্যালি বের হয়ে আরডি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ভোক্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। কিন্তু দেশে এখনও অনেক অসাধু ব্যবসায়ী বিভিন্ন কৌশলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে।
বক্তারা বলেন, ভোক্তার অধিকার শুধু পণ্য কেনার অধিকার নয়; বরং নিরাপদ, মানসম্মত ও ন্যায্য দামে পণ্য পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। ভোক্তার অধিকার রক্ষা করা রাষ্ট্র, ব্যবসায়ী ও সমাজের সবার সম্মিলিত দায়িত্ব।
সভায় ক্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলি, ক্যাব রাজশাহী জেলার সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম মাসুদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং ক্যাব ইউথ রাজশাহী জেলার সভাপতি জুলফিকার আলী হায়দার বক্তব্য দেন।
সভায় বক্তারা দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি রোধে বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানান।