শাহ মখদুম কলেজে শিক্ষক লাঞ্ছনা: ছাত্র রাজনীতি স্থগিত, অভিযুক্তের ছাত্রত্ব সাময়িক বাতিল
রাজশাহীর শাহ মখদুম কলেজে এক শিক্ষককে লাঞ্ছনার ঘটনার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্বও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে কলেজের গভর্নিং বডির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে গভর্নিং বডির সদস্যরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন শাহ মখদুম কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ খালিদ আলম। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস. এম. রেজাউল ইসলাম, গভর্নিং বডির সদস্য ড. মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা মামুন এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর মুর্শিদসহ অন্য সদস্যরা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে আপাতত ছাত্র রাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান জুয়েলকে চাঁদা দাবির জেরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও একই কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ শিহাবের বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থী শিহাবের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।