গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের পদ্মা নদীর খেয়াঘাট সংলগ্ন বিদিরপুর এলাকায় এ অভিযান চালায় গোদাগাড়ী মডেল থানা পুলিশ। আটক জিহান মোবারক উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। অভিযানের সময় অন্ধকার সুযোগ নিয়ে নাসির উদ্দীন (৫৩) পালিয়ে যান। তাকে এ মামলার পলাতক আসামি করা হয়েছে।পুলিশ জানায়,মাদকবিরোধী ডিউটি চলাকালীন গোপন সংবাদ আসে—পদ্মা নদীর তীরে ডিঙি নৌকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
গোদাগাড়ী মডেল থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে কিশোর জিহানকে আটক করতে পারলেও তার বাবা নাসির উদ্দীন পালিয়ে যান। পরে জিহানের কাছে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন এবং মাদক বহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি চায়না ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আটক কিশোর ও তার বাবা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে এই হেরোইন রেখেছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক নাসির উদ্দীনের বিরুদ্ধে আগেও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আটক কিশোরকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আইনে মামলা রয়েছে। আটক কিশোরকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।