বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি

FIFA World Cup 2026
অনলাইন ডেস্ক ১৩ জুন ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন বিশ্বকাপ আপডেট
অনলাইন ডেস্ক ১৩ জুন ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন
বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি
বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি_সংগৃহীত ছবি

কিছুটা দেরিতেই শুরু হবে ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ মিশন। ১৭ জুন দিবাগত রাতে প্রথম ম্যাচ হওয়ায় অন্যান্য দলের চেয়ে বিলম্বে তারা বেস ক্যাম্পে পৌঁছেছে। কিন্তু কানসাস সিটিতে পা রাখার আগেই বিপত্তিতে পড়ল হ্যারি কেইনের দল। তাদের বেশ কিছু অনুশীলন সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার কানসাস সিটিতে পৌঁছানোর আগে চুরির শিকার হয়েছে ইংল্যান্ড দল। তাদের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঠিক কী কী জিনিস খোয়া গেছে সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। চুরি হওয়া জিনিসের মধ্যে বল ও খেলোয়াড়দের বুট আছে। কানসাস সিটির সোপ সকার ভিলেজে ক্যাম্প করবে ইংলিশরা, সেখান থেকে চুরি হয় সেসব সরঞ্জাম।


আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের দাবি– চুরি হওয়া জিনিসের মধ্যে ইংল্যান্ডের তারকা খেলোয়াড়ের বুটও আছে। এ ছাড়া অফিসিয়াল টুর্নামেন্ট বল ও অনুশীলনের কিছু সরঞ্জাম খোয়া গেছে। থমাস টুখেলের অধীন দল শনিবার বিকেলে প্রথমবার বেস ক্যাম্পে অনুশীলন করবে। 


সরঞ্জাম চুরির বিষয়ে গার্ডিয়ান যোগাযোগ করলেও মন্তব্য করেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এফএ–এর সঙ্গে যোগাযোগ রক্ষাকারী পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।


আগামী বুধবার দিবাগত রাত ২টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের ম্যাচটি আরেক ইউরোপীয় পরাশক্তি ক্রোয়েশিয়ার সঙ্গে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা। ১৯৬৬ সালে প্রথম ও একমাত্র বিশ্বকাপজয়ী ইংল্যান্ড এবার টুখেলের অধীনে বড় লক্ষ্য নিয়ে মাঠে নামবে।