শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!
বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ এক দিন। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকাকে একনজর দেখতে মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন অনুরাগীরা। কেউ কেউ অপেক্ষায় থাকেন সরাসরি দেখা করার সুযোগের। তবে এবার ৬১তম জন্মদিনে ভক্তদের সেই অপেক্ষা পূরণ না-ও হতে পারে।
মূলত, আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় জন্মদিনে মুম্বাইয়ে থাকার সম্ভাবনা কম শাহরুখের।
এনডিটিভির সূত্রের বরাতে জানা গেছে, এবার জন্মদিনে ভক্তদের সঙ্গে শাহরুখের সেই চেনা বার্ষিক সাক্ষাৎ-অনুষ্ঠান হচ্ছে না। ‘কিং’ সিনেমার একাধিক গানের শুটিং চলছে। মুম্বাইয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি গানের শুটিংয়ের খবর সামনে আসার পর এবার আরেকটি গানের দৃশ্য ধারণ করতে লন্ডনে যাওয়ার কথা রয়েছে অভিনেতার। ফলে জন্মদিনের সময়টাতে তাকে মুম্বাইয়ে পাওয়া কঠিন হতে পারে।
তবে ভক্তদের জন্য আশার খবরও আছে। সূত্রের দাবি, ২৪ ডিসেম্বর ‘কিং’ মুক্তির আগে ভক্তদের সঙ্গে আলাদা একটি সাক্ষাৎ-অনুষ্ঠানের আয়োজন করতে পারেন শাহরুখ।
গত দুই বছর ধরে জন্মদিনে মান্নাতের বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার পুরোনো রীতি থেকে সরে এসেছেন শাহরুখ। এর বদলে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। পাস সংগ্রহ করে সেখানে প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন অনুরাগীরা। এসব আয়োজনে শাহরুখের সঙ্গে সময় কাটানো, তাকে প্রশ্ন করা এবং তার কথা শোনার সুযোগ মেলে। তবে অনুষ্ঠানগুলোতে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকে না।
এদিকে সংস্কারকাজ চলায় বর্তমানে মান্নাতে থাকছেন না বলিউড কিং। কাজ শেষ না হওয়া পর্যন্ত মুম্বাইয়ের এই পরিচিত বাড়ির বাইরে অন্যত্র থাকছেন তিনি।
অন্যদিকে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে একজন অভিজ্ঞ আততায়ীর চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান, যার জীবন অপরাধজগতের নানা বিপদের মধ্য দিয়ে এগিয়ে যায়। সিনেমাটিতে শাহরুখের মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। শাহরুখ ও সুহানা ছাড়াও এতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, অভিষেক বচ্চন, অক্ষয় ওবেরয়, জ্যাকি শ্রফ, অভয় বর্মা, জয়দীপ আহলাওয়াত, রানী মুখার্জি ও অনিল কাপুর।
শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।