আগামী গ্রীষ্মে লোডশেডিং কম হবে: বিদ্যুৎমন্ত্রী

Load shedding will be less next summer
অনলাইন ডেস্ক ০১ নভেম্বর ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ০১ নভেম্বর ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন
আগামী গ্রীষ্মে লোডশেডিং কম হবে: বিদ্যুৎমন্ত্রী
সংগৃহীত ছবি

আগামী গ্রীষ্মে লোডশেডিং কম হবে উল্লেখ করে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আশা করি আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো। সোলারকে এগিয়ে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।


রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।


আগামী ৩-৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ এর বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।


মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি। দেশের মানুষকে উৎসাহিত করছি। সে জন্যই এ এক্সপো করছি। সরকারিভাবে এ ধরনের আয়োজন এটাই প্রথম, প্রধানমন্ত্রী নিজে থাকবেন। উনি নিজেও অফ গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না।


তিনি বলেন, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে হবে।  


সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, এক্সপোর মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। দেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এ আয়োজনের প্রধান লক্ষ্য।


লিখিত বক্তব্যে বিদ্যুৎ সচিব বলেন, সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬ জারি এবং ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ।


এ ছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থার আওতায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।


মিরানা মাহরুখ বলেন, সৌরবিদ্যুৎ ও ব্যাটারিসংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি এসব পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক) পুরোপুরি মওকুফ করা হয়েছে।


সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেল উৎসাহিত করা হচ্ছে। এ ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব মূলধন বিনিয়োগ করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে না।


দুই দিনব্যাপী এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, উন্নত ব্যাটারি সংরক্ষণব্যবস্থা এবং বিভিন্ন আধুনিক সৌর সরঞ্জাম।


পাশাপাশি প্রকল্পে অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দিতে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।


সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।