প্রয়াত স্বজনদের স্মরণে পালিত হলো ‘অল সোলস ডে’
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশেষ দিবস ‘অল সোলস ডে’ বা প্রয়াত আত্মাদের স্মরণ দিবস।
সোমবার (২ নভেম্বর) দিবসটি উপলক্ষে বনপাড়া লূর্দের রাণী মা মারিয়া ক্যাথলিক ধর্মপল্লীর সমাধিস্থলে প্রার্থনা, মোমবাতি প্রজ্বালন ও ফুল দিয়ে প্রয়াত স্বজনদের স্মরণ করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
দিনটি উপলক্ষে গির্জা ও সমাধিস্থলে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সমাধিগুলোতে জ্বলে ওঠে মোমবাতির আলো। স্বজনরা প্রিয়জনদের সমাধির পাশে দাঁড়িয়ে তাঁদের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা করেন।
খ্রিষ্টান ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, প্রতি বছর ২ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় ‘অল সোলস ডে’। এ দিনটি মূলত মৃত্যুবরণ করা স্বজন ও প্রিয়জনদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় উৎসর্গ করা হয়।
মোমবাতির আলো, ফুল আর নীরব প্রার্থনার মধ্য দিয়ে দিনটি জীবিতদের সঙ্গে প্রয়াত স্বজনদের ভালোবাসা ও স্মৃতির বন্ধনকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।