ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দ্বিখণ্ডিত, প্রাণ গেল চালকের
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ডভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় ভ্যানটির চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা এবং মুজিবর রহমানের ছেলে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির খাদ্যবোঝাই কাভার্ডভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে খুলনাগামী একটি খালি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চালক আতিয়ার রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা রেলস্টেশনের স্টেশনমাস্টার নিগার সুলতানা জানান, বেনাপোল থেকে বেলা ১১টার দিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামের খালি ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে ঝিকরগাছা স্টেশন অতিক্রম করে। স্টেশন পার হওয়ার কিছু দূর পরই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।