বোদায় ইয়াবাসহ গ্রেফতার ২, দুটি মোটরসাইকেল জব্দ

2 arrested with Yaba in Boda
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৫ নভেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন আইন-আদালত
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৫ নভেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন
বোদায় ইয়াবাসহ গ্রেফতার ২, দুটি মোটরসাইকেল জব্দ
পঞ্চগড়ের বোদায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পঞ্চগড়ের বোদায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

গত বুধবার (৪ নভেম্বর) রাত ১ টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের হাড়িপুকুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের হাড়িপুকুরী গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে মো. কামরুল ইসলাম (৪৫) ও একই ইউনিয়নের বামনহাট গ্রামের বেলাল উদ্দিন মেম্বারের ছেলে মো. রফিক (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক (এসআই) মো. খুরশীদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল হাড়িপুকুরী গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে কামরুল ইসলাম ও রফিককে আটক করা হয়। তবে মালিউল ইসলাম মিঠু (৩৮) নামে একজন পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে কামরুল ইসলামের কাছ থেকে ৫০ পিস ও রফিকের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের মেঝে থেকে আরও ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৯০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

অভিযানকালে রফিকের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের হিরো গ্ল্যামার মোটরসাইকেল এবং পলাতক মিঠুর ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন টিভিএস মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।