জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প, আগামী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ

Earthquake
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন
জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প, আগামী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ
জাপানের মধ্যাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সংগৃহীত ছবি

জাপানের মধ্যাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে দোকানের কাচ ভেঙে সড়কে ছড়িয়ে পড়ে টুকরা।


এ ঘটনার পর আগামী কয়েক দিন আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে জাপানের শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।


দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা কিয়োদোর বরাতে জানা গেছে, ভূমিকম্পে আইচি ও শিজুওকা প্রিফেকচারে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হামামাতসু শহরসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।


তবে, কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাজধানী টোকিওতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়নি।


জাপানের টেলিভিশনে প্রচারিত ছবিতে দোকানের ভাঙা কাচ ও সড়কে ছড়িয়ে থাকা কাচের টুকরা দেখা গেছে। এছাড়া, একটি বইয়ের দোকানে তাক থেকে বই পড়ে মেঝেতে স্তূপ হয়ে যায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ভূমিকম্পের পর আতঙ্কে ভবন থেকে বের হতে গিয়ে সিঁড়িতে পড়ে কয়েকজন আহত হয়েছেন।


এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহ শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটির কর্মকর্তা আয়াতাকা এবিতা ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কেও সতর্ক করেছেন।


অন্যদিকে, ভূমিকম্পের পর জাপানের কয়েকটি স্থানীয় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিনকানসেন বুলেট ট্রেনের গতিও কমানো হয়েছে।


এছাড়া, টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী তোয়কাইদো শিনকানসেন লাইনে ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলেছে।

সূত্র: আল–জাজিরা