
রবিবার পর্দা উঠবে অস্ট্রেলিয়ান ওপেনের। নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে প্রস্তুত প্রায় সব খেলোয়াড়ই। তবে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককে বাড়তি নজরে থাকবেন কেউ কেউ। তাদের মধ্যে ইগা সুইয়াটেক, এরিনা সাবালেঙ্কা, এলিনা রিবাকিনা, নাওমি ওসাকা আর এমা রাদুকানু অন্যতম।
ইগা সুইয়াটেক ॥ বর্তমান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় ইগা সুইয়াটেক। গত কয়েক মৌসুমে মেয়েদের টেনিসে সবচেয়ে সফল খেলোয়াড়ও এই পোলিশ তারকা। ইতোমধ্যেই চারটি গ্র্যান্ডস্লাম যোগ করেছেন তার নামের সঙ্গে। কিন্তু দুর্ভাগ্য তার। মেলবোর্ন পার্কে সেমিফাইনালেরই বাধা অতিক্রম করতে পারেননি তিনি। ২০২২ সালে টেনিস কোর্টে দুর্দান্ত সময় পার করা সুইয়াটেক গড়েছিলেন টানা ৩৭ ম্যাচ জয়ের নজির। কিন্তু গত সেপ্টেম্বরেই তার শীর্ষস্থান হারিয়ে ফেলেন।
তবে নভেম্বর ক্যারিয়ারে প্রথমবার ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা জিতে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেন ২২ বছরের এই তারকা। যে কারণে নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও এবার নিজের সেরাটা ঢেলে দিতে মরিয়া সুইয়াটেক।
এরিনা সাবালেঙ্কা ॥ অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এরিনা সাবালেঙ্কা। গত বছরই জীবনের প্রথম এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। সেইসঙ্গে প্রথমবার বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও নিজের নামের পাশে সংযোজন করেছিলেন বেলারুশ সুন্দরী। শুধু তাই নয়? সেরেনা উইলিয়ামসের পর তিনিই প্রথম খেলোয়াড় যিনি এক মৌসুমে চার গ্র্যান্ডস্লামের সবটিতেই কমপক্ষে সেমিফাইনাল খেলার রেকর্ড গড়েছিলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা গত সপ্তাহে খেলেছেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ফাইনালও। কিন্তু শিরোপার লড়াইয়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠা রিবাকিনার কাছে হেরে যান তিনি। যে কারণে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মেলবোর্নে নিশ্চই ফেভারিটের ট্যাগ গায়ে মেখে কোর্টে নামবেন এরিনা সাবালেঙ্কা।
এলিনা রিবাকিনা ॥ সময়টা দারুণ কাটছে এলিনা রিবাকিনার। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টেও বাজিমাত করেছেন কাজাখস্তানের এই তারকা। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। ২০২২ সালে উইম্বলডনের শিরোপা জিতে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন রিবাকিনা। গত মৌসুমে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনেও। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপার লড়াইয়ে এরিনা সাবালেঙ্কার কাছে হেরে যান তিনি। তবে নতুন মৌসুমের শুরুতেই সেই সাবালেঙ্কাকে হারিয়ে ব্রিসবেনে চ্যাম্পিয়ন হওয়া রিবাকিনার আত্মবিশ্বাস এবার বেড়ে গেছে বহুগুণে।
নাওমি ওসাকা ॥ টেনিস কোর্টে দুর্দান্ত শুরু করা খেলোয়াড়দের মধ্যে নিঃসন্দেহেই উপরের দিকে থাকবে নাওমি ওসাকার নাম। ২০১৯ থেকে ২০২১ এই অল্প সময়ের মধ্যেই চারটি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়েছিলেন তিনি। কিন্তু পারফর্ম্যান্সের সেই ধারাবাহিকতা যেন ক্রমেই হারিয়ে ফেলেন জাপানি তারকা। গত বছর প্রথম কন্যা সন্তানের মা হয়েছেন ওসাকা।
এরপর অনেকেই ভেবেছিলেন হয়তো টেনিস কোর্টে শেষ দেখে ফেলেছিলেন ওসাকার অধ্যায়! কিন্তু ভালোবাসার টানে দীর্ঘ সময় পর আবারও কোর্টে ফিরেছেন নতুন বছরে। যে কারণে এবার অস্ট্রেলিয়ান ওপেনে আলাদা নজর থাকবে নাওমি ওসাকার উপরও। যদিও নতুন বছরের প্রথম টুর্নামেন্টে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ২৬ বছরের এই তারকা।
এমা রাদুকানু ॥ চার বছর আগে গোটা টেনিস দুনিয়াকেই রীতিমতো চমকে দিয়েছিলেন এক তরুণী। প্রথম কোয়ালিফায়ার হিসেবে ইএস ওপেনের চ্যাম্পিয়ন হওয়া সেই তরুণীর নামই এমা রাদুকানু। কিন্তু গ্রেট ব্রিটেনের এই তারকা অবশ্য আর ধরে রাখতে পারেননি তার পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা। ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেও আর কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের বাধাই অতিক্রম করতে পারেননি রাদুকানু। তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ২১ বছর বয়সী এই তরুণীর ওপর বাড়তি নজর থাকবে টেনিসবোদ্ধাদের।