
রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সঙ্গে কলেজের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে কলেজের কনফারেন্স কক্ষে এ সভা হয়।
কলেজ সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রায় ১৫০ থেকে ১৮০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং রাজশাহী মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, উপাধ্যক্ষ প্রফেসর ডা. জহুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আজিজুল হক এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. এম মুর্শেদ জামান মিঞাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
সভায় রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের কার্যক্রম এবং নবনির্মিত হোস্টেল ভবন সম্পর্কেও আলোকপাত করা হয়। বক্তারা মেডিকেল শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।