Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০৬ এপ্রিল ২০২৬
০৩:৩৭ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির অভিযোগ॥ রাজশাহীতে ছাত্রশিবিরের সেমিনার

ছোটন সরদার Student organization seminar in Rajshahi

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: জন আকাঙ্ক্ষা সংকটের পথে” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত নগরের বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার একটি কনভেনশন সেন্টারে এ সেমিনার হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়া সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ অন্য নেতারা।

সেমিনারে বক্তারা অভিযোগ করেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও সরকার নির্বাচনকে গ্রহণ করে সরকার গঠন করলেও গণভোটের ফল বাস্তবায়নে বিলম্ব করছে। তাঁদের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণের প্রত্যাশা ব্যাহত হবে।

প্রধান আলোচক অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তাঁর বক্তব্যে বলেন, সরকার গণভোটের বিষয়ে সরাসরি অবস্থান না নিয়ে নানা বিতর্ক সৃষ্টি করছে। তিনি বলেন, “সরকার নিজেদের সুবিধাজনক বিষয়গুলো মেনে নিচ্ছে, কিন্তু গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীরবতা দেখাচ্ছে।” তিনি আরও বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত গণভোট বাস্তবায়ন করা উচিত।

বক্তারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা ও কর্মসূচি চলমান রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর সাড়া পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা। ভবিষ্যতে এ দাবিতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন বক্তারা।

সেমিনারে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news