Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মে ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ছয় নবজাতকের মৃত্যু, আদ্-দ্বীন হাসপাতালের দুঃখপ্রকাশ

অনলাইন ডেস্ক Ad-Din Hospital expresses grief over death of six newborns

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একইসঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ দিয়ে জানানো হয়, গত ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের ২য় তলায় অবস্থিত ‘পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২’-এর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু ছিল। এ সময় ওয়ার্ডে থাকা একাধিক নবজাতকের মায়েরা এসি বন্ধ করার অনুরোধ জানালে কর্তব্যরত নার্সরা তা বন্ধ করে দেন। পরে রাত ৩টার দিকে এসিগুলো আবারও চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাত ৪টার দিকে একটি শিশু অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়। পর্যায়ক্রমে ওই ওয়ার্ডে থাকা অন্য ৫টি শিশুকেও দ্রুত এনআইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে বুধবার সকাল ৬টার দিকে প্রথম শিশুটি মারা যায় এবং সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বাকি ৫ নবজাতকেরও মৃত্যু হয়। ঘটনার সময় ওই ওয়ার্ডে সদ্য প্রসূতি মায়েরা তাদের নবজাতকসহ অবস্থান করছিলেন এবং দায়িত্বে ছিলেন ৩ জন নার্স।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার জন্য হাসপাতালে অবস্থান করছেন। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা কেন ঘটল, তা উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছে।

এছাড়া আদ্-দ্বীন কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবেও এই মর্মান্তিক ঘটনার একটি তদন্ত শুরু করেছে। তদন্তে কারও কোনো গাফিলতি বা ত্রুটি চিহ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news