
জনদুর্ভোগ ও যানজট কমাতে এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বে জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বুধবার (১৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে বিভিন্ন কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবল পরীক্ষার্থীদের জন্য সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের ব্যবস্থা নিতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনার অনুলিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।