Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০৬ আগস্ট ২০২৬
১২:০৩ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে রাজশাহীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছোটন সরদার Discussion meeting and cultural program in Rajshahi to spread the spirit of the July Uprising

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক এবং একাডেমির সাবেক সদস্য কলেস্তিনা হাঁসদা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং।

অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, নাগরিক অধিকার ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক, অসাম্প্রদায়িক ও দায়িত্বশীল সমাজ গঠনের আহ্বান জানান তাঁরা।

আয়োজকদের ভাষ্য, ইতিহাস ও সংস্কৃতির সমন্বিত চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার বোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news