রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের অপব্যবহার এবং ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও কল্যাণের ধর্ম। যথাযথভাবে ইসলামের প্রচার ও চর্চা করা হলে সমাজ ও দেশের জন্য তা ইতিবাচক ভূমিকা রাখবে।
পীর-মাশায়েখ ও আলেমরা দীর্ঘদিন ধরে ইসলামের প্রসার এবং মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।
জমিয়াতুল মোদার্রেছীনের নেতাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সঠিক ইসলাম প্রচারের মাধ্যমে তাঁরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। ধর্মকে কেন্দ্র করে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, তাদের থেকে দূরে থাকার পাশাপাশি এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। দেশের মাদরাসা শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের প্রসার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরি। বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানো গেলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় সম্মেলনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান, মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, উপদেষ্টা মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, সহসভাপতি আলহাজ মাওলানা সৈয়দ আবু নোমান মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।