Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

অনলাইন ডেস্ক Cricket

একপ্রান্তে উইকেটের মিছিল, অন্যপ্রান্তে এক ব্যাটারের লড়াই। সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই আলো ছড়ালেন তাওহীদ হৃদয়।


ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ ব্যাটার। তার দুর্দান্ত শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখছে বাংলাদেশ।


 মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২০৫ রান, ৭ উইকেটের বিনিময়ে। এখনো ১৫১ রানে পিছিয়ে স্বাগতিকরা।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতকের কীর্তি গড়েন হৃদয়। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।


তবে দলের একের পর এক ব্যাটার সাজঘরে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে নিজের স্বাভাবিক খেলায় মনোযোগী ছিলেন হৃদয়। শেষ পর্যন্ত সেই লড়াইয়ের পুরস্কার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তিনি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১০৬.৪ ওভার ব্যাট করে ৩৫৬ রান সংগ্রহ করে। ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩৩ রান করেন আমীর জাঙ্গু। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। ৬ উইকেট শিকার করেন এই পেসার।


জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের খেলায় ব্যাটিং বিপর্যয় আরও প্রকট হয়। ১৩ রানে নাঈম হাসান এবং ২২ রানে তানজিদ হাসানের বিদায়ের পর ৫১ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩৪ এবং লিটন দাস ৮ রান করে আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা।


পরবর্তী সময়ে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও দ্রুত ফিরে গেলে বাংলাদেশের বিপদ আরও বাড়ে। তবে এসবের মধ্যেও নিজের উইকেট আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান হৃদয়। দলের প্রয়োজনে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ বুঝে রানও তুলেছেন তিনি। 


ক্রিজে হৃদয়ের সঙ্গে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম। তিনি ১৪ বলে ১ রান তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান সবচেয়ে বেশি ৩ উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটিয়েছেন।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news