Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সমবায় দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- Colorful rally in Rajshahi on Cooperative Day

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ যেমন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে, তেমনি সম্মিলিত উদ্যোগে সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। সমবায়ের মূল চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান।

আলোচনা সভা শেষে সমবায় আন্দোলন ও কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news