আওয়ামী লীগ কার্ডধারীদের টাকা-সই নিয়ে চাল না দেওয়ার নির্দেশ: বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা

Cardholders instructed not to pay with money or signature
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন
আওয়ামী লীগ কার্ডধারীদের টাকা-সই নিয়ে চাল না দেওয়ার নির্দেশ: বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা
নওগাঁর বদলগাছী উপজেলার এক বিএনপি নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ কার্ডধারী ভাতাভোগীদের কাছ থেকে টাকা ও সই নিয়ে চাল না দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলার এক বিএনপি নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় বদলগাছী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া ব্যক্তি হলেন মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তিনি একই ইউনিয়নে খাদ্যবান্ধব (ওএমএস) কর্মসূচির একজন ডিলার। অভিযোগ রয়েছে, তার ডিলারশিপের আওতাভুক্ত আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন ভাতাভোগীর কাছ থেকে টাকা ও স্বাক্ষর নিয়ে চাল না দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিন গত শুক্রবার বিকেলে মিঠাপুর বাজারে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগ ভাতাভোগীদের কাছ থেকে টাকা ও সই নেবেন, কিন্তু চাল দেবেন না। চাল চাইলে মারধর করবেন।” এমন বক্তব্যসম্বলিত একটি অডিও ক্লিপ (২৩ ফেব্রুয়ারি) সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আনীত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

দলীয় সূত্র জানায়, সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নীতিমালা অনুসরণ করেই স্থানীয় পর্যায়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।