রাজশাহী মহানগর আ'লীগ কার্যালয়ে টাঙ্গানো উদ্বোধনী ব্যানার পুড়িয়ে দিলো বিএনপি
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কুমারপাড়ার পরিত্যক্ত কার্যালয়ের সামনে 'শুভ উদ্বোধন' লেখা একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে বিএনপির নেতা-কর্মীরা গিয়ে ওই ব্যানারটি ছিঁড়ে আগুন ধরিয়ে দেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্থানীয়রা কুমারপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগের ওই ভাঙা কার্যালয়ের সামনে একটি নতুন ব্যানার দেখতে পান। ব্যানারে লেখা ছিল-'বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো'।
৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত ও বিধবস্ত অবস্থায় ছিল। সেখানে হঠাৎ এমন ব্যানার দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে মহানগর বিএনপির একদল নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। তারা ব্যানারটি টেনে ছিঁড়ে ফেলেন এবং রাস্তায় নিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা সেখানে বিক্ষোভ প্রদশনও করেন।
এ বিষয়ে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ বা কোনো পক্ষ গোপনে ব্যানারটি টাঙিয়ে রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।'
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে কারা এই ব্যানার টাঙ্গানোর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।