কেউ বন্দুক ঠেকিয়ে তৃণমূলের মঞ্চে নিয়ে যায়নি : তৃণা

No one took me to the grassroots stage at gunpoint.
অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৬ ০৬:১২ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৬ ০৬:১২ অপরাহ্ন
কেউ বন্দুক ঠেকিয়ে তৃণমূলের মঞ্চে নিয়ে যায়নি :  তৃণা
--সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনীতির পালাবদল হয়েছে। শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসের শাসন, ক্ষমতায় এখন বিজেপি সরকার।

এরপর থেকেই কিছু অভিনেতা-অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে শুরু করেছেন।

এদিকে এতদিন তারা দলটির ঘনিষ্ঠ ছিলেন।

কেউ-কেউ সবুজ শিবিরের প্রার্থী হলেও, আপাতত রাজনীতি থেকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন। আবার কারও দাবি- কী ধরনের চাপ ছিল, তা এখন বললে, বিতর্ক তৈরি হবে।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাজনৈতিক মঞ্চে উপস্থিত হওয়ার জন্য, তারকাদের কি জোর করা হতো? কোনওরকম ‘চাপ’ দেওয়া হতো? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। 

এই অভিনেত্রীর কথায়, আমরা অনেকে গিয়েছি।

এতে কোনও লজ্জা নেই, আফসোস নেই। আমরা একটা জায়গায় গিয়েছিলাম, নিজের ইচ্ছায় গিয়েছি। কেউ মাথায় বন্দুক ধরে নিয়ে যাননি। বা বলেননি, ‘তুমি গেলে এত টাকা পাবে’!

তিনি আরও বলেন, কেউ ভয়ে গিয়ে থাকলে, তখনই বলা উচিত ছিল। সবাই প্রাপ্তবয়স্ক। আমরা যেটা করি, সেটা কেউ জোর করেন বলে করি না। আমরা বাচ্চা নই। আবারও যদি মুখ্যমন্ত্রী কোথাও যেতে বলেন, হয়তো দেখবেন একই মুখগুলোকে দেখা যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হলেও, আগামী দিনে কাজে কোনও সমস্যা হবে না সেই ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণা সাহা। তিনি বলেন, যে নিজে ভালো, তার সঙ্গে ভালো হয়। নিজে ঠিক থাকলে, যেই ক্ষমতায় থাকুক, সেটা কোনও প্রভাব ফেলবে না। আমরা সবাই নিজেরা চারপাশের ভালো করার চেষ্টা করব। শুধু সরকারের উপর নির্ভর না করে, নিজেদের ভালো করার চেষ্টা করা দরকার।