তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

Shop employee beaten to death with hammer
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
--সংগৃহীত ছবি

রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন (২৫) নামের এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে নগরীর খামার মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এতে জড়িত অভিযোগে ওই দোকানের মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে (৩০) আটক করেছে পুলিশ। মনু খামার মোড় নোয়াখালীপট্টি এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খামার মোড় মেয়রের গলিতে আমির হোসেনের ভাজাপোড়ার দোকানে কাজ করতেন শাওন। দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওনের থুতু ফেলা নিয়ে রাত ৯টার দিকে তার সঙ্গে মনুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনু ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে তাকে উপর্যুপুরি আঘাত করেন।

এতে গুরুতর আহত হন শাওন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং মনুকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনুকে তাদের হেফাজতে নেয়। অন্যদিকে, হাসপাতালে নেওয়ার পর শাওনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদ বলেন, অভিযুক্ত একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় আইনানুগভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।