রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই ভাই নিহত,আহত ২
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন।তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭জুন)দুপুরে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুঠিয়ার নকুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক (৬০)। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।আর আহতরা হলেন, একই এলাকার হাতেমের ছেলে লালন এবং জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চার যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
পবা হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে রামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।