বোদা পৌরসভার ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকার বাজেট ঘোষণা
পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বোদা পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করেন বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।
প্রস্তাবিত বাজেটের মোট আকার ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও বরাদ্দ) ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা।
ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা।
বাজেট ঘোষণা করতে গিয়ে পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পৌর এলাকার পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক স্ট্রিট লাইট স্থাপন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর, বোদ পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী দীপঙ্কর রায়, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসদুল্লাহ আসাদ, বিশিষ্ট নাগরিক হুমায়ুন কবির লায়ন, বোদা প্রেস ক্লাবের সভাপতি আমির খসরু লাবলু প্রমুখ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধি ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।