কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সেবা কার্যক্রমের প্রশংসা মন্ত্রীর

Integrated Child Rehabilitation Center
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ অক্টোবর ২০২৬ ০৪:৪২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ অক্টোবর ২০২৬ ০৪:৪২ অপরাহ্ন
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সেবা কার্যক্রমের প্রশংসা মন্ত্রীর

কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 


গতকাল সকাল সাড়ে দশটায় মন্ত্রী পরিদর্শনকালে সাথে ছিলেন চট্রগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম চৌধুরী। 


আয়োজনের শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি শিশুদের তৈরি ’আলোর পথযাত্রী” শিরোনামে দেয়ালিকার চর্তুবিংশ সংখ্যা উন্মোচন করেন। পরে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম এর প্রবাহ চিত্র উপস্থাপন করেন। 


কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর উপস্থাপনায় ও নিবাসী শিশু নিজাম উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। 


আয়োজনে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উশু ডেমো প্রদর্শনী উপভোগ করে ভূয়সী প্রসংশা করেন মন্ত্রীসহ উপস্থিত সকলে। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা মন্ত্রীর হাতে তাদের তৈরি পুঁতির তাজমহল শোপিস উপহার দেন এবং কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সন্মাননা ক্রেস্ট। এছাড়াও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কেন্দ্রের সার্বিক পরিবেশ, আবাসন ব্যবস্থা অফিস ব্যবস্থাপনা সহ নানাবিধ সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরিদর্শন শেষে মন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রের ছাদবাগানের জন্য আমলকির চারা রোপণ করেন। সমাজকল্যাণ মন্ত্রীর এই পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে অধিক সমৃদ্ধ ও বেগবান করবে বলে বিশ্বাস করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক। 


উল্লেখ্য, সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন, পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, চিত্ত বিনোদন, চাকুরীতে নিযুক্তকরণ, পুনর্বাসন/পুনএকত্রীকরণ ইত্যাদি নানাবিধ সেবা প্রদানের মাধ্যমে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।