রাসিক প্রশাসকের সাথে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী ও নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শিক্ষা, প্রযুক্তি ও নগর উন্নয়নে পারস্পরিক সহায়তা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড (Ms. Charlotte Beckmann Finnestad)।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র রাজশাহী নগরীর পরিবেশগত সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন এবং ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে রাজশাহীর অর্জনের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন।
বৈঠকে দুই শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে—শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্য-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নগর উন্নয়নের ক্ষেত্রে অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ে উভয় পক্ষই ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে রাসিক প্রশাসক ও ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট বিনিময় করেন।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, সিটি স্কুলের সিনিয়র উপদেষ্টা জন আইনার কোভাম, স্ট্রমি ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ও চলচ্চিত্র/ফটোগ্রাফি বিভাগের বিশেষজ্ঞ কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, স্ট্রমি ফাউন্ডেশনের এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান, স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া এবং রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
অন্যদিকে, রাসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।