নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত সোমবার (২ নভেম্বর) দুপুরে এসআরবি-৫ (রাজশাহী) এবং এসআরবি-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া (মাঠপাড়া) এলাকার একাব্বর আলীর ছেলে মো. ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. নয়ন ইসলাম (২৪)।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এসআরবি।
এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য ঢাকায় পাচার করা হচ্ছে।
এই তথ্যের ভিত্তিতে এসআরবির যৌথ দল নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত হলুদ-নীল রঙের একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১) জব্দ করা হয়।
এ সময় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।